‘ব্যান্ড ফেস্ট ২০২৫’-এ আইয়ুব বাচ্চুকে স্মরণ করে মঞ্চ মাতাবে ১২ ব্যান্ড
চ্যানেল আইয়ের বার্ষিক ঐতিহ্যবাহী আয়োজন ‘ব্যান্ড ফেস্ট ২০২৫’ আসছে ১ ডিসেম্বর, আর এবারও পুরো আয়োজন উৎসর্গ করা হচ্ছে কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে। তার স্বপ্ন এবং উদ্যোগে শুরু হওয়া এই উৎসবের ১২তম আসরটি মাতাতে অংশ নেবে দেশের শীর্ষ ১২টি ব্যান্ড দল—উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং এবং তরুণ। চ্যানেল আই স্টুডিও থেকে সকাল ১১টা ৫ মিনিট থেকে দিনভর সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।
আয়োজকদের পক্ষ থেকে বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়—এ বছরের আয়োজনকে আরও সমৃদ্ধ করতে সব প্রস্তুতি সম্পন্ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, ব্যান্ড তারকা ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, বাপ্পি খান, পার্থ মজুমদারসহ ব্যান্ড মিউজিকের গুণী শিল্পীরা। তারা সবাই আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে জানান, এই আয়োজন শুধু কনসার্ট নয়—বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাস, ঐতিহ্য ও শক্তির প্রতীক।
শাইখ সিরাজ সংবাদ সম্মেলনে বলেন, ব্যান্ড সংগীত তরুণদের জাগিয়ে তোলে, তাদের চিন্তাশক্তিকে শানিত করে। স্বাধীনতার পর ব্যান্ড মিউজিকের পথচলা সহজ ছিল না—অসংখ্য চড়াই–উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছে দেশীয় ব্যান্ড। তিনি জানান, আগামী বছর ব্যান্ড ফেস্ট আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে ব্যান্ডের গুণী মানুষদের সম্মান জানানোর চিন্তাও রয়েছে। তার মতে, দেশে ব্যান্ড সংগীতের জন্য একটি জাতীয় দিবস ঘোষণা করা হলে সেটি হবে সংগীত অঙ্গনের বড় অর্জন।
ফুয়াদ নাসের বাবু বলেন, ব্যান্ড ফেস্টের শুরুতেই ছিলেন আইয়ুব বাচ্চু। তার হাত ধরেই চ্যানেল আইয়ে এই আয়োজনে যাত্রা। এখন ব্যান্ড দেশীয় মূলধারার সংগীতের অংশ, আর এই ফেস্ট সেই ঐতিহ্য ধরে রেখে নতুন প্রজন্মকে উৎসাহিত করছে। তিনি চ্যানেল আইকে ধন্যবাদ জানান ব্যান্ড মিউজিকের পাশে সবসময় থাকার জন্য।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে অনুষ্ঠিতব্য ১২তম ব্যান্ড ফেস্টের প্রযোজনায় আছেন অনন্যা রুমা এবং প্রকল্প পরিচালক রাজু আলীম। দিনব্যাপী এই উৎসব একদিকে যেমন খুলে দেবে ব্যান্ড সংগীতের বিস্তৃত সম্ভাবনার দরজা, তেমনি স্মরণ করিয়ে দেবে আইয়ুব বাচ্চুর স্বপ্ন—দেশব্যাপী ব্যান্ড সংগীতকে শক্তিশালী ও জনপ্রিয় করে তোলা।
1 comment
দারুণ!