স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ রাজধানীর ইসিএস কম্পিউটার সিটিতে শুরু করেছে তাদের সর্বাধুনিক গেমিং ও প্রোডাক্টিভিটি মনিটরের ছয় দিনব্যাপী রোডশো। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। গেমার এবং টেকপ্রেমীদের জন্য এটি এক জায়গায় স্যামসাংয়ের সর্বশেষ ডিসপ্লে প্রযুক্তি দেখার এবং সরাসরি ব্যবহার করার বিরল সুযোগ এনে দিয়েছে।
দেশে স্যামসাং মনিটর বিতরণ ও বিক্রির দায়িত্বে থাকা স্মার্ট টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্যামসাংয়ের পক্ষ থেকে রিটেইল স্ট্র্যাটেজির ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাস গুপ্ত এবং প্রোডাক্ট অ্যান্ড প্ল্যানিং ম্যানেজার মোহাম্মদ খাদেম উজ জামান উপস্থিত ছিলেন। স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মো. মুজাহিদ আল বিরুনী সুজন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার রাজুও অনুষ্ঠানে যোগ দেন।
রোডশোর অন্যতম আকর্ষণ হলো দর্শনার্থীদের সরাসরি মনিটর ব্যবহার করে দেখা এবং ফিচার পরীক্ষা করার সুযোগ। কল অব ডিউটির মতো শীর্ষস্থানীয় গেম খেলে গেমিং পারফরম্যান্স উপলব্ধি করার পাশাপাশি প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপহার জেতার সুযোগও রাখা হয়েছে।
প্রদর্শনীতে প্রিমিয়াম এবং বাজেট দুই ধরণের মোট চারটি মডেল দেখানো হচ্ছে। প্রিমিয়াম ক্যাটাগরির প্রধান আকর্ষণ ওডিসি নিও জি৯, বিশ্বের প্রথম ডুয়াল ইউএইচডি কার্ভড মনিটর। ৫৭ ইঞ্চির এই মডেলে রয়েছে কোয়ান্টাম মেট্রিক্স প্রযুক্তি এবং ২৪০ হার্টজ রিফ্রেশ রেট, যা প্রতিযোগিতামূলক গেমিংয়ে চূড়ান্ত সুবিধা দেবে। পাশাপাশি রয়েছে ৪৯ ইঞ্চি আকারের ওডিসি ওএলইডি জি৯, যার ৩২:৯ স্ক্রিন রেশিও, ওএলইডি প্যানেল এবং এনভিডিয়া জি সিঙ্ক প্রযুক্তি গেমিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলবে।
রোডশোতে আরও রয়েছে ভিউফিনিটি এসনাইন, ৪৯ ইঞ্চি ডুয়াল কিউএইচডি কার্ভড মনিটর, যা ভিইএসএ ডিসপ্লে এইচডিআর ৪০০ প্রযুক্তির মাধ্যমে গভীর কালো এবং উজ্জ্বল সাদা প্রদর্শনে সক্ষম। এতে রয়েছে টাইপ সি সংযোগ এবং বিল্ট ইন কেভিএম সুইচ, যা একাধিক ডিভাইস নিয়ন্ত্রণ সহজ করে।
যারা মূল্যসাশ্রয়ী মনিটর খুঁজছেন তাদের জন্য রয়েছে এসেনশিয়াল এস৩ সিরিজ। ২২, ২৪ এবং ২৭ ইঞ্চি আকারে পাওয়া এই মডেলগুলোতে রয়েছে ১০০ হার্টজ আইপিএস প্যানেল এবং গেম মোড, যা দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে সাধারণ গেমিং পর্যন্ত সব ক্ষেত্রেই কার্যকর।
স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, স্যামসাং সবসময়ই ক্রেতাদের জন্য আধুনিক প্রযুক্তি সহজলভ্য করতে কাজ করে। এই রোডশো সেই লক্ষ্য পূরণেরই অংশ। স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, অংশীদারিত্বের মাধ্যমে এই আয়োজন ক্রেতাদের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে। নতুন মনিটরগুলো ব্যবহার করে ক্রেতারা সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিক মডেল বেছে নিতে পারবেন।
স্যামসাং আশা করছে এই রোডশো গেমার এবং প্রযুক্তিপ্রেমীদের কাছাকাছি নিয়ে আসবে তাদের মনিটর লাইন আপকে, এবং ব্যবহারকারীরা উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতায় আরও সম্পৃক্ত হবেন।