ডিজনির বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘জুটোপিয়া ২’ এ বছরের থ্যাঙ্কসগিভিং বক্স অফিসে প্রায় রেকর্ড গড়ে চমক দেখিয়েছে। শুধু বৃহস্পতিবারেই ছবিটি আয় করেছে ১৯.৭ মিলিয়ন ডলার, যা থ্যাঙ্কসগিভিং–এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ — গত বছরের ‘মোয়ানা ২’-এর (২৭.৮ মিলিয়ন) পর।
এর আগের দিন বুধবার ছবিটি প্রথম দিনে সংগ্রহ করে ৩৯.৫ মিলিয়ন ডলার, ফলে পাঁচ দিনের ছুটিতে মোট আয় দাঁড়াতে পারে ১৪০–১৫০ মিলিয়ন ডলার—ধারণা করা হচ্ছে আরও বেশি হতে পারে।
চীনে রেকর্ড ভাঙা উদ্বোধন
দুই দিনেই ‘জুটোপিয়া ২’-এর বৈশ্বিক আয় পৌঁছেছে ১৩৩.২ মিলিয়ন ডলারে, যার মধ্যে আন্তর্জাতিক বাজারে এসেছে ৭৪ মিলিয়ন। শুধু চীনেই দুই দিনে সংগ্রহ ৫৪ মিলিয়ন ডলার, যা কোনো এনিমেটেড ছবির জন্য দেশটিতে সর্বকালের সেরা উদ্বোধন এবং ২০২১ সালের পর কোনো হলিউড ছবির সবচেয়ে বড় ওপেনিং।
সমালোচক ও দর্শকদের উচ্ছ্বাস
ছবিটি পেয়েছে A CinemaScore, আর রোটেন টম্যাটোজে দর্শক রেটিং ৯৫%। ফ্রান্স, জার্মানি, ইতালি ও দক্ষিণ কোরিয়া—সব বাজারেই ছবিটি সপ্তাহের মাঝের দিনে শক্তিশালী ওপেনিং করেছে।
২০১৬ সালের অস্কারজয়ী ‘জুটোপিয়া’র সিক্যুয়েলে আবারও দেখা মিলেছে জুডি হপস (গিনিফার গুডউইন) ও নিক ওয়াইল্ডের (জেসন বেটম্যান)। নতুন মিশনে তাদের মুখোমুখি হতে হয় একটি রহস্যময় সাপকে, যার কণ্ঠ দিয়েছেন কে হুই কোয়ান।
‘উইকেড: ফর গুড’ও ধরে রেখেছে গতি
ডিজনির পাশাপাশি ইউনিভার্সালের ‘উইকেড: ফর গুড’ থ্যাঙ্কসগিভিং–এ আরও ১২.৬ মিলিয়ন ডলার আয় করে উত্তর আমেরিকায় মোট সংগ্রহ ২০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। প্রথম সপ্তাহেই বহু রেকর্ড গড়া ছবিটি পাঁচ দিনে ৯১ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিন্থিয়া এরিভো ও আরিয়ানা গ্রান্ডে অভিনীত মিউজিক্যাল সিক্যুয়েলটি বিশ্বব্যাপী দারুণ সাড়া ফেলছে এবং এর গতিপথ ‘উইকেড’-এর প্রথম কিস্তির চেয়েও এগিয়ে আছে।