মাছরাঙা টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ এখন শুরু করছে তার বহুল প্রতীক্ষিত স্টুডিও রাউন্ড। প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় সম্প্রচারিত এই শো–এর অডিশন রাউন্ড ও মাস্টার সিলেকশন ধাপ শেষে নির্বাচিত ৪০ জনের মধ্যে থেকে ১৯ প্রতিযোগী টিকে আছেন পরবর্তী লড়াইয়ে।
এই রাউন্ড থেকেই ধাপে ধাপে নির্বাচিত হবেন সেরা ১০ এবং পরে সেরা ৩ প্রতিযোগী। এবারের আসরে মূল বিচারক হিসেবে রয়েছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া এবং নিগার সুলতানা সুমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আইশা খান, আর প্রযোজনায় আছেন মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল।
বাংলা বাউলসংগীতকে নতুন প্রজন্মের কাছে এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলার লক্ষ্য নিয়ে মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে এই রিয়েলিটি শো। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ স্লোগানে সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এ বছর সারা দেশ থেকে রেজিস্ট্রেশন করেছেন ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী।
অডিশন রাউন্ড থেকে বাছাই হওয়া ৪০ জন প্রতিযোগী অংশ নেন মেগা সিলেকশনে। এরপর গ্রুমিং সেশনে তাঁদের গান, মঞ্চ পরিবেশনা এবং পারফরম্যান্স দক্ষতা প্রশিক্ষণ দেন অভিজ্ঞ মেন্টররা। সবশেষে মাস্টার সিলেকশন শেষে ১৯ জন প্রতিযোগী জায়গা পেয়ে যান স্টুডিও রাউন্ডে।
এখন থেকে প্রতিযোগীদের সামনে অপেক্ষা আরও কঠিন পরীক্ষা — কণ্ঠ, পরিবেশনা, শিল্পীসত্তা এবং বাউলধারার প্রতি আন্তরিকতাই নির্ধারণ করবে কারা পৌঁছাবেন শো–এর শীর্ষে।