লন্ডনের ওটু অ্যারেনায় টানা চারটি সোল্ড আউট কনসার্ট আয়োজন করে নতুন ইতিহাস গড়ল বিশ্বখ্যাত অল্ট রক ব্যান্ড রেডিওহেড। ২০১৭ সালে মেটালিকার স্থাপিত উপস্থিতির যে রেকর্ড এতদিন অটুট ছিল, সেটিকে চার রাতেই অতিক্রম করেছে রেডিওহেড। সর্বোচ্চ উপস্থিতি ছিল ২২ হাজার তিনশ পঞ্চান্ন জন, যা এখন পর্যন্ত এই ভেন্যুর সর্বোচ্চ রেকর্ড।
গত ২১, ২২, ২৪ এবং ২৫ নভেম্বর চারটি এক্সক্লুসিভ যুক্তরাজ্য শোতে প্রতিদিনই ছিল ২২ হাজারের বেশি দর্শক। প্রতিটি রাতেই আগের রাতের রেকর্ড ভেঙে ফেলেছে ব্যান্ডটি। ওটু অ্যারেনার সিনিয়র প্রোগ্রামিং ডিরেক্টর ক্রিশ্চিয়ান ডি অ্যাকুনা জানান, এই চারটি রাত ভেন্যুর ইতিহাসে বিশেষ জায়গা করে নেবে। তিনি বলেন, রেডিওহেড শুধু রেকর্ডই ভাঙেনি, বরং প্রতিদিন ভিন্ন সেট লিস্ট উপহার দিয়ে ভক্তদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করেছে। ব্যান্ডকে এমন শোগুলো আয়োজনের জন্য কৃতজ্ঞতাও জানান তিনি।
থম ইয়র্কের নেতৃত্বে রেডিওহেডের সদস্যরা হলেন জনি গ্রিনউড, কলিন গ্রিনউড, ফিলিপ সেলওয়ে এবং এড ওব্রায়েন। প্রায় এক দশক পর গত বছর ব্যান্ডটি নতুন ট্যুর ঘোষণার মাধ্যমে আবারও মঞ্চে ফেরার ঘোষণা দেয়। এরপর মাদ্রিদ, বোলোনিয়া, লন্ডন, কোপেনহেগেন এবং বার্লিনে চার রাতের করে রেসিডেন্সি ঘোষণা করা হয়।
লন্ডনের প্রথম রাতে রেডিওহেড তাদের দীর্ঘ ক্যারিয়ারের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে। তালিকায় ছিল লাকি, ব্লুম, ইডিওটেক, এভরিথিং ইন ইটস রাইট প্লেস এবং জিগসো ফলিং ইনটু প্লেস। সাতটি গানের এনকোরে ব্যান্ডটি পরিবেশন করে ফেক প্লাস্টিক ট্রিজ, লেট ডাউন, প্যারানয়েড অ্যান্ড্রয়েড, ইউ অ্যান্ড হু’স আর্মি, এ উলফ অ্যাট দ্য ডোর, জাস্ট এবং কারমা পুলিশ।
চারটি শোকে রেডিওহেড শুধু তাদের শক্তিশালী লাইভ পারফরম্যান্সের প্রমাণই দেয়নি, বরং ভেন্যুর ইতিহাসে তাজা সাফল্যের নতুন অধ্যায়ও যোগ করেছে। এই মুহূর্তগুলো দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে ব্যান্ডের ভক্তদের কাছে।